Homeযশোরহেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে যশোরে সংবাদ সম্মেলন

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে যশোরে সংবাদ সম্মেলন

হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের ব্যানারে অপপ্রচার, গুজব, ফতোয়া ও হামলার হুমকির প্রতিবাদ এবং সংগঠনের সদস্যদের জানমালের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার সুরক্ষার দাবিতে যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদ যশোর জেলা শাখার সভাপতি রেজাউল করিম।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ৩১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত একটি সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, অপপ্রচার, ফতোয়া ও সহিংসতার হুমকি দেওয়া হয়েছে। সমাবেশে সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি এবং তাদের ইমাম ও সদস্যদের বিরুদ্ধে নানা ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন,নোয়াখালীসহ বিভিন্ন জেলায় হেযবুত তওহীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাইকিং, হ্যান্ডবিল বিতরণ এবং বিভিন্ন স্থানে প্রচারণার মাধ্যমে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। অতীতেও সংগঠনটির সদস্য ও স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে রেজাউল করিম বলেন,হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক ও সংস্কারমূলক আন্দোলন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করছে বলে দাবি করেন তিনি। সংগঠনের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আদালতের রায়ে তাদের কোনো সদস্য চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত হননি।

লিখিত বক্তব্যে বাংলাদেশের সংবিধানের ৩৮, ৩৯ ও ৪১ অনুচ্ছেদের উল্লেখ করে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, সংগঠন গঠন, শান্তিপূর্ণ মতপ্রকাশ এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনা নাগরিকদের সাংবিধানিক অধিকার। কোনো গোষ্ঠীর হুমকি, ফতোয়া বা সহিংসতার মাধ্যমে এসব অধিকার খর্ব করা উচিত নয় বলেও বক্তব্যে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলন থেকে হেযবুত তওহীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি, প্রকাশ্য হুমকি ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, মিথ্যা প্রচারণা ও উসকানিমূলক কার্যক্রম বন্ধ, সংগঠনের সদস্য ও তাদের পরিবার-পরিজনের নিরাপত্তা নিশ্চিত এবং সাংবিধানিক অধিকার ও শান্তিপূর্ণ মতপ্রকাশের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ ছাড়া হেযবুত তওহীদের পক্ষ থেকে সংগঠনটির বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বক্তব্য ও প্রতিক্রিয়া যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments