HomeTopঢাকা-কুষ্টিয়া-যশোর ৪১০ কিলোমিটার লংমার্চ, যুক্ত হবে দেড় হাজার গাড়ি

ঢাকা-কুষ্টিয়া-যশোর ৪১০ কিলোমিটার লংমার্চ, যুক্ত হবে দেড় হাজার গাড়ি

যশোর প্রতিনিধি: জনগণের ব্যাপক অংশগ্রহণে আগামীকাল ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের তৃতীয় দফার লংমার্চ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। জনগণের সাত দফা দাবি আদায় এবং সরকারের ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। লংমার্চের প্রস্তুতি ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গোলাম পরওয়ার জানান, ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ এ লংমার্চে ১৯ জেলার নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেবেন। কর্মসূচিতে প্রায় দেড় হাজার গাড়ি যুক্ত হওয়ার প্রত্যাশা রয়েছে। সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। সকাল ৮টায় ছয় শতাধিক গাড়ির বহর যাত্রা শুরু করবে।

লংমার্চের সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, একই দিনে অনুষ্ঠিত দুটি ভোটের একটির ভিত্তিতে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য নির্বাচিত হলেও অন্যটির ফলাফল অস্বীকার করা হচ্ছে। এতে রাজনৈতিক সংকট আরও গভীর হচ্ছে। আগামী ৯ নভেম্বর অনুষ্ঠেয় সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের মাধ্যমে সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে পারে।

জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, ওই আন্দোলনে সহস্রাধিক মানুষ নিহত এবং প্রায় ৪০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকে এখনো দেশে-বিদেশে চিকিৎসাধীন। একই সঙ্গে জ্বালানি ও সার সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, হত্যা, সহিংসতা, রাজনৈতিক সংঘাত, টেন্ডারবাজি ও দখলদারিত্ব অব্যাহত রয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান তিনি।

লংমার্চের পথসভা ও সমাপনী জনসভার সূচি তুলে ধরে তিনি জানান, শরীয়তপুরের জাজিরার নাওডোবায় সকাল ৯টায় এবং বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালী মোড়ে সকাল ১১টায় পথসভা হবে। এরপর খুলনা মহানগরীর বাবরী চত্বরে দুপুর সাড়ে ১২টায় এবং ফুলতলার স্বাধীনতা চত্বরে দুপুর ২টায় পথসভা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় যশোরের মুড়লীর মোড় এবং বিকেল ৫টায় ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা হবে। সবশেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভা অনুষ্ঠিত হবে।

গোলাম পরওয়ার বলেন, লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলো নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নিচ্ছে। ঢাকা ও খুলনা রেঞ্জের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।

মহাসড়কে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তির আশঙ্কা স্বীকার করে তিনি বলেন, কর্মসূচির কারণে যানবাহন চলাচল ও ব্যবসা-বাণিজ্যে কিছুটা অসুবিধা হতে পারে। এ জন্য সাধারণ মানুষ, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী ও দোকানদারদের কাছে আগাম দুঃখ প্রকাশ করেন তিনি। জনদুর্ভোগ কমাতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে কর্মসূচি পরিচালনার চেষ্টা করা হবে।

লংমার্চে অংশগ্রহণকারীদের ধৈর্য, সংযম ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য, স্লোগান কিংবা প্রতিপক্ষকে আঘাত করে এমন আচরণ করা যাবে না। নিরাপত্তা, চিকিৎসা, অ্যাম্বুলেন্স, সাংস্কৃতিক ও গণমাধ্যম টিম সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

লংমার্চ সফল করতে দেশবাসী, রাজনৈতিক দল, প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন মিয়া গোলাম পরওয়ার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments