যশোর শহরের খড়কী কাসার দীঘির পাড় এলাকায় মাদকবিরোধী কমিটির সদস্য আব্দুল বাছিত মোল্লার বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে বাড়ির একটি জানালার কাচ ভেঙে যায় এবং স্প্লিন্টার ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি।
আব্দুল বাছিত মোল্লা জানান, গত সপ্তাহে এলাকায় মাদকবিরোধী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এর জের ধরে ক্ষুব্ধ হয়ে স্থানীয় মাদক কারবারিরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
তিনি বলেন, রাত ১টা ২০ মিনিটের দিকে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। এতে জানালার কাচ ভেঙে স্প্লিন্টার ঘরের ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে।
আব্দুল বাছিত মোল্লার অভিযোগ, এলাকায় সাগর, ইমন, জিসান, ডিকু ও নিরবসহ কয়েকজন মাদক কারবারি সক্রিয় রয়েছে। মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত থাকায় তাদের কেউ এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তাঁর সন্দেহ। এ ছাড়া অ্যাডভোকেট স্বপন নামের আরেক ব্যক্তির বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, রাত দেড়টার দিকে খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত চালিয়েছে। বিস্ফোরণে কেউ হতাহত হননি। ঘটনাস্থল ও আশপাশে সিসিটিভি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিকভাবে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

