যশোর প্রতিনিধি: যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেছেন, ছাত্রদল একটি আদর্শিক সংগঠন। এ সংগঠন বহু মেধাবী নেতার জন্ম দিয়েছে, যাঁরা জাতির ক্রান্তিকালে রাষ্ট্রের হাল ধরেছেন। ছাত্রদল মেধাবী ও নৈতিক চরিত্রসম্পন্ন শিক্ষার্থীদের সংগঠন।
মঙ্গলবার যশোর নগর শাখার ঘোপ ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে রবিউল ইসলাম বলেন, ‘আগে লেখাপড়া, তারপর রাজনীতি। পড়াশোনা ছেড়ে কারও ছাত্রদলের রাজনীতি করার প্রয়োজন নেই। ছাত্রদল সব সময় মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন করবে।’
ছাত্রদলে অসাধু কর্মকাণ্ড ও মাদকাসক্তদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ছাত্রদলে কোনো অছাত্র ও মাদকাসক্তের স্থান হবে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেন ও সাধারণ সম্পাদক সাব্বির মালিক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান। এ সময় ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

