বেনাপোল প্রতিনিধি : টানা আট দিনের ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোলে। শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরে পণ্য খালাসের ব্যস্ততা বেড়েছে। পাশাপাশি সীমান্তের দুই পাশে দীর্ঘ ছুটিতে সৃষ্টি হওয়া যানজট ও পণ্যজট কমতে শুরু করেছে।
বেনাপোল বন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ্ব মহসিন মিলন জানান, টানা আট দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকেরা পণ্য খালাসের কাজে ব্যস্ত সময় পার করছেন।
দীর্ঘ ছুটির কারণে সীমান্তের দুই পাশে বিপুলসংখ্যক পণ্যবাহী ট্রাক আটকে পড়ে। এতে সৃষ্টি হয় যানজট ও পণ্যজট। কয়েক হাজার পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় থাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত থেকে আমদানি করা পণ্যের প্রায় ৮০ শতাংশ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। এ বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। ফলে দীর্ঘ সময় বন্দর বন্ধ থাকলে দেশের বাণিজ্য, পরিবহনব্যবস্থা ও ব্যবসায়ীদের ওপর এর প্রভাব পড়ে।
শনিবার সকাল থেকে কার্যক্রম শুরু হওয়ায় বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে জমে থাকা পণ্যবাহী ট্রাকের চাপ কমিয়ে বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

