গবেষণার গুণগত মান বৃদ্ধি, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত এবং পেশাগত সততা বজায় রাখার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নৈতিকতা ও সততা, জার্নাল থেকে গবেষণাপত্র প্রত্যাহার এবং আর্থিক বাজেট সমন্বয়বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, দপ্তরপ্রধান ও গবেষকেরা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয় গড়ে তোলার মূল ভিত্তি হলো নৈতিকতা ও সততা। সততাহীন মেধা সমাজ কিংবা প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক কিছু বয়ে আনতে পারে না। গবেষক ও কর্মকর্তাদের প্রতিটি সিদ্ধান্তের ওপর বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি নির্ভর করে।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিস-উল-হক।

