HomeTop1যশোর এমএম কলেজে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

যশোর এমএম কলেজে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা। সকালে কলেজের ছাত্র কমনরুমে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হারুন অর রশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শ্রেণিকক্ষে পাঠগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের মননশীলতা, ব্যক্তিত্ব ও শারীরিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু শ্রেণিকক্ষের পাঠদান শিক্ষার্থীদের জন্য যথেষ্ট নয়। খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করার পাশাপাশি সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, সহনশীলতা, দলগত চেতনা ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে ওঠে। এসব গুণ অর্জনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের বিকশিত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে সক্ষম হয়। একই সঙ্গে সমৃদ্ধ হয় শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদা। তাই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়াচর্চা এবং সহশিক্ষা কার্যক্রমের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান।

ক্রীড়া কমিটির আহ্বায়ক প্রফেসর সৈয়দ আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু ও ছাত্রশিবিরের ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা সবুজ।

প্রতিযোগিতায় ক্যারম, দাবা, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন ইভেন্ট অনুষ্ঠিত হবে। একাদশ, দ্বাদশ, অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ১৪টি খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments