নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যশোরে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে ডিজিটাল মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম,জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহরিয়ার হক, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মিজানুর রহমান, দৈনিক লোকসমাজ পত্রিকার সম্পাদক শান্তনু ইসলাম সুমিত এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, শিশু-কিশোর, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং স্লোগান ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’। আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে এবং নতুন প্রজন্মের জন্য ক্রীড়াকে সম্ভাবনাময় পেশা হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

