যশোর সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে ফয়সাল হাসান তদ্রব (২৩) নামে এক কলেজছাত্র আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে কলেজসংলগ্ন একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত ফয়সাল যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
ফয়সাল হাসান শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় একই এলাকার অংকন (১৮) নামে এক তরুণের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
প্রাথমিক তথ্যমতে, কলেজের কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করা ও বিশৃঙ্খলা সৃষ্টির বিষয় নিয়ে কথা বলতে গেলে ফয়সালের সঙ্গে অংকনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অংকন ফয়সালের নিতম্বে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা ফয়সালকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক তথ্যানুযায়ী, তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

