HomeTopযশোরে নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১, আটক ১ নিখোঁজ ১

যশোরে নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১, আটক ১ নিখোঁজ ১

যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে ইঞ্জিনচালিত নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বিল্লাল নামে আরও একজন খালের পানিতে পড়ে নিখোঁজ রয়েছেন। অপরদিকে, মনিরুজ্জামান নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ২টার দিকে চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের খায়রুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে তিন ব্যক্তি চান্দুটিয়া গ্রামে প্রবেশ করেন। পরে একটি নসিমন চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে তাঁরা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় মিজানুর রহমানকে ধরে গণপিটুনি দেওয়া হয়। অন্যদিকে, মনিরুজ্জামান ও বিল্লাল পানিতে পড়ে যান। পরে গ্রামবাসী মিজানুর রহমানকে আটক করলেও বিল্লালের সন্ধান পাওয়া যায়নি।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, চুরির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া মনিরুজ্জামানকে আটক দেখানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম জানান, পুলিশের কাছ থেকে খবর পেয়ে নিখোঁজ বিল্লালকে উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments