ফিফা র্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদে বড় পরিবর্তন এসেছে শীর্ষ ছয় দলের অবস্থানে। এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
বিপরীতে টানা চার ম্যাচ জয়ের সুবাদে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে পর্তুগাল।
বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত নতুন র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
দ্বিতীয় ও তৃতীয় অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। চতুর্থ স্থানে অপরিবর্তিত রয়েছে ইংল্যান্ড।
ব্রাজিলের পতনের পেছনে বড় ভূমিকা রেখেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র। সর্বশেষ আন্তর্জাতিক উইন্ডোতে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে কার্লো আনচেলত্তির দল।
ওই ম্যাচে ২.০২ র্যাংকিং পয়েন্ট হারায় তারা। পরের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ এবং ভারতের বিপক্ষে ৪-০ গোলে জিতলেও আগের ক্ষতি পুরোপুরি পুষিয়ে নিতে পারেনি সেলেসাওরা। ফলে ১৮০৬.৫১ পয়েন্ট নিয়ে পাঁচ থেকে এক ধাপ নেমে ষষ্ঠ স্থানে অবস্থান করছে ব্রাজিল।
অন্যদিকে, ব্রাজিলের জায়গা দখল করেছে পর্তুগাল। উয়েফা নেশন্স লিগে দুর্দান্ত ছন্দে থাকা দলটি সদ্য শেষ হওয়া উইন্ডোতে চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে। ওয়েলসকে ১-০, নরওয়েকে দুই ম্যাচে ২-১ ব্যবধানে এবং ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে তারা।
এই সাফল্যে পর্তুগালের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮০৭.৬৯। দুই ধাপ উন্নতি করে র্যাংকিংয়ের পঞ্চম স্থানে উঠে এসেছে দলটি।
ব্রাজিলের সঙ্গে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছে মরক্কোও। মালির বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমেছে আফ্রিকার দলটি। অবশ্য এর আগে গ্যাবন ও লেসেথোকে ২-০ ব্যবধানে হারিয়েছিল তারা। মরক্কোর পয়েন্ট ১৮০৫.৩৪, ব্রাজিলের চেয়ে মাত্র ১.১৭ পয়েন্ট কম।
শীর্ষ দশের বাকি দলগুলোর অবস্থানে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। বেলজিয়াম, নেদারল্যান্ডস, মেক্সিকো ও কলম্বিয়া যথাক্রমে অষ্টম থেকে ১১তম স্থানে রয়েছে। দুই ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছে সুইজারল্যান্ড। অন্যদিকে এক ধাপ করে পিছিয়ে জার্মানি ১৩ এবং ক্রোয়েশিয়া ১৪ নম্বরে অবস্থান করছে।

