জাতীয় ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও রেশনিং ব্যবস্থা চালুসহ ১০ দফা দাবিতে যশোরে মানববন্ধন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণ লাল সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরন সরকার, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা নাজমুল হোসাইন এবং যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ দুলু।
মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। বর্তমান বাজারদর ও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে অবিলম্বে জাতীয় ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
তারা আরও বলেন, শ্রমিকদের গণতান্ত্রিক ও সাংগঠনিক অধিকার নিশ্চিত করতে অবাধ ট্রেড ইউনিয়ন চর্চার সুযোগ দিতে হবে। একই সঙ্গে শ্রম আইন সংশোধন, রেশনিং ব্যবস্থা চালু এবং শ্রমিকদের অন্যান্য ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে বক্তারা শ্রমিকদের ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

