যশোরে পৃথক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঝিকরগাছা ও মনিরামপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অজ্ঞাতপরিচয় নারীর বয়স আনুমানিক ২০ বছর। সকাল ৯টার দিকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক টিপু সুলতান তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাধবী রানী তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি।
অন্যদিকে, মনিরামপুর উপজেলার রোহিতা বাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল আমিন (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি রোহিতা গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক। এঘটনায় দুই মোটরসাইকেলচালক শামিনুর রহমান (৪০) ও রিফাত রহমান (৩৫) আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত রিফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত শামিনুর রহমান জানান,সকাল ৭টার দিকে তিনি মোটরসাইকেলে করে বাড়ি থেকে রোহিতা বাজারে নিজের মুদি দোকানে যাচ্ছিলেন। বাজারে পৌঁছানোর পর রিফাত রহমানের চালানো একটি মোটরসাইকেল পেছন থেকে তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে পথচারী রুহুল আমিনসহ তিনজন ছিটকে পড়ে আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মাধবী রানী রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন এবং আহত শামিনুর ও রিফাতকে হাসপাতালে ভর্তি করেন।

