HomeTopযশোরে জ্বালানি তেল ও কৃষি উপকরণের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

যশোরে জ্বালানি তেল ও কৃষি উপকরণের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

জ্বালানি তেল ও কৃষি উপকরণের দাম বৃদ্ধি প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি প্রকাশ এবং কৃষকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদ, যশোরের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সংগ্রাম পরিষদ যশোরের আহ্বায়ক ও জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতি যশোর জেলার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিমুর রহমান, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির মনিরামপুর শাখার সভাপতি আব্দুল মজিদ, বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলার সভাপতি আব্দুর রহিম, সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট যশোরের আহ্বায়ক আলাউদ্দীন এবং জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতি যশোর জেলার দপ্তর সম্পাদক পলাশ বিশ্বাস।

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে। একই সঙ্গে সার, গ্যাস ও বিদ্যুতের সংকটে কৃষকরা সমস্যায় পড়েছেন। তাদের দাবি, দেশের বিপুলসংখ্যক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত থাকলেও কৃষক ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

বক্তারা আরও অভিযোগ করেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয়েছিল। তাদের দাবি, বর্তমান সরকারও ওই চুক্তি নিয়ে জাতীয় সংসদে পর্যাপ্ত আলোচনা করছে না এবং চুক্তির বিষয়বস্তু জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

সমাবেশে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি দলীয় পর্যায়ে কালোবাজারি ও সুযোগসন্ধানীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। অন্যথায় কৃষক, মজুর ও শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ থেকে ইরি মৌসুমে ডিজেলের দাম কমানো, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি জনসমক্ষে প্রকাশ, কৃষকদের উৎপাদিত ফসলের জন্য সার্বজনীন বীমা চালু এবং ৬৫ বছরোর্ধ্ব কৃষক-মজুরদের জন্য স্থায়ী পেনশন ভাতা চালুর দাবি জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments