HomeTop1যশোরে গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, ২৪ ঘণ্টায় উদ্ধার-আটক ১

যশোরে গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, ২৪ ঘণ্টায় উদ্ধার-আটক ১

যশোর প্রতিনিধি:যশোর শহরের ঘোপ এলাকার একটি বাড়ির গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হানিফ ওরফে অনিক নামে এক যুবককে আটক করা হয়েছে। তবে পুলিশের অভিযানের সময় অপর অভিযুক্ত মোজ্জাম্মেল সাগর পালিয়ে গেছেন।

আটক হানিফ ওরফে অনিক কিসমত নওয়াপাড়া এলাকার মৃত কবির হোসেনের ছেলে। পলাতক মোজ্জাম্মেল সাগর তালবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক পিলু খান সড়কের কাজী নাইমুর রহমান বাদী হয়ে দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে কাজী নাইমুর রহমান তার এফজেড ভার্সন-২ মোটরসাইকেলটি বাড়ির গ্যারেজে রেখে যান। পরদিন ভোরে উঠে তিনি দেখতে পান, গ্যারেজে মোটরসাইকেলটি নেই। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে সোমবার সকালে থানায় অভিযোগ করেন তিনি।

অভিযোগ পাওয়ার পর মোটরসাইকেল উদ্ধারে অভিযান শুরু করে উপশহর পুলিশ ক্যাম্প। ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে বিকেলে বাহাদুরপুর বাঁশতলা এলাকা থেকে হানিফ ওরফে অনিককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দ করা মোবাইল ফোনের কথোপকথন পর্যালোচনা করে মোজ্জাম্মেল সাগরের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে হাশিমপুর সেলফি মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাগর মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান বলে পুলিশের দাবি। পরে ঘটনাস্থল থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, অনিক ও সাগরসহ একটি সংঘবদ্ধ চক্র মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। চক্রটির সদস্যদের কেউ মোটরসাইকেল চুরি করে এবং অন্যরা বিভিন্ন কৌশলে সেগুলো বিক্রি করে থাকে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, চক্রটির অন্য সদস্যদের শনাক্ত এবং আটকের জন্য অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments