যশোর প্রতিনিধি:যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন সিরেক্স কফ সিরাপ ও ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে যশোরের চৌগাছা ও কোতোয়ালি মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
প্রথম অভিযানে রাত ৯টা ৫০ মিনিটের দিকে চৌগাছা থানার সুখপুকুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নগরবনি রোডের পুড়াপাড়া জলির মোড়ে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় মো. নুরুজ্জামান (৩২) নামে এক ব্যক্তিকে ৪০ বোতল উইন সিরেক্স কফ সিরাপসহ আটক করা হয়। তিনি চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুঠিপাড়া এলাকার সদর আলীর ছেলে।
দ্বিতীয় অভিযানে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানার কাশিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জুলহাসের কাঁচামালের দোকানের পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় মো. সোহাগ হোসেন (৪০) ও মো. বিপুল হোসেন (৪৩) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক সোহাগ হোসেন ডহরপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে এবং বিপুল হোসেন বেলেডাঙ্গ এলাকার মৃত করিম মোজার ছেলে। তারা দুজনই কোতোয়ালি মডেল থানার বাসিন্দা।
এদিকে একই রাতে রাত ৮টা ৫৫ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাজির শংকরপুর গ্রামের চাতালের মোড়ে মো. আশরাফের চায়ের দোকানের সামনে অভিযান চালায় ডিবি। সেখান থেকে মো. আশরাফুল ইসলাম ওরফে বিপুল (২৫) নামে একজনকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি শংকরপুর চোপদারপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।
ডিবি পুলিশ জানায়, পৃথক তিন অভিযানে মোট ৪০ বোতল উইন সিরেক্স কফ সিরাপ এবং ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটক চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরে তাদের ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আদালতে পাঠানো হয়েছে।

