সারাদেশে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগের প্রতিবাদে যশোরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিকদল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় যশোর জেলা শ্রমিকদলের উদ্যোগে শহরের লালদীঘির পাড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সল।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন, নগর শ্রমিকদল নেতা আশরাফুল ইসলাম পান্নাসহ যশোর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় লালদীঘির পাড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

