যশোর প্রতিনিধি:বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে ‘জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে—এখনই উদ্যোগ নিই, আমি, আপনি ও সমাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর। এতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসান কবির বাপ্পী, ডা. নাজমুল হক, ডা. হিমাদ্রি শেখরসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
র্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও যথাযথ সচেতনতা ও সময়মতো চিকিৎসার মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। কুকুর বা অন্য কোনো প্রাণীর কামড়ের শিকার হলে দ্রুত ক্ষতস্থান পরিষ্কার করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নির্ধারিত সময়ে জলাতঙ্কের টিকা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
একই সঙ্গে জলাতঙ্ক প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিতভাবে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

