HomeTop1বিসিএস ক্যাডার হওয়াই যেন শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য না হয়: অধ্যাপক নার্গিস বেগম

বিসিএস ক্যাডার হওয়াই যেন শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য না হয়: অধ্যাপক নার্গিস বেগম

যশোর প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য কেবল বিসিএস ক্যাডার হওয়া নয়; বরং মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শুধু বিসিএস ক্যাডার হওয়ার লক্ষ্য থাকলে মানসিকতায় পূর্ণতা আসবে না। নিজেদের সাফল্যকে কাজে লাগিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

শনিবার যশোর শিক্ষা ট্রাস্টের উদ্যোগে জেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী এবং জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসন, যশোরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। শিক্ষা বিস্তারে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে, যার বাস্তবায়নও শুরু হয়েছে। শিক্ষা গ্রহণের ক্ষেত্রে রাষ্ট্র শিক্ষার্থীদের জন্য যে অবদান রাখছে, ভবিষ্যতে সেই ঋণ পরিশোধের দায়িত্বও শিক্ষার্থীদের রয়েছে।

তিনি বলেন, শুধু চাকরি পাওয়া কিংবা নিজের ও পরিবারের উন্নতির কথা ভাবলে চলবে না। কর্মের মাধ্যমে রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে। কারণ কৃষক ও শ্রমিকের ঘাম ঝরানো অর্থেই রাষ্ট্রের অর্থনীতি পরিচালিত হয়। তাদের শ্রমের মূল্য উপলব্ধি করে দেশের জন্য কাজ করার মধ্য দিয়েই শিক্ষার্থীদের রাষ্ট্রের ঋণ পরিশোধ করতে হবে।

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক নার্গিস বেগম বলেন, একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি মানবিকতা, সংস্কৃতি ও ক্রীড়াচর্চারও প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।

স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। এছাড়া বৃত্তিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া খাতুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হাসান এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না নুরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে জেলার মোট ২০০ শিক্ষার্থীর মধ্যে ৬ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments