বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পালিয়ে যান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আমতলা মোড় ব্রিজসংলগ্ন একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হকের নেতৃত্বে এসআই আশীষ সরকার, এসআই শেখ আল আমিনসহ পুলিশের একটি দল শিকারপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে আমতলা মোড় ব্রিজের প্রায় ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তার পাশে জামাল হোসেন (৫০) নামের এক ব্যক্তির ধানখেতে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে একটি পুরোনো দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়।
শার্শা থানার ওসি মো. শামিনুল হক জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাঁদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

