Homeসারাদেশযশোরে রিকশা-ইজিবাইক আটকের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

যশোরে রিকশা-ইজিবাইক আটকের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

যশোরে অবৈধ রিকশা ও ইজিবাইক আটকের প্রতিবাদে মানববন্ধন করেছেন রিকশা শ্রমিকেরা। আটক যানবাহন বিনা শর্তে ফেরত দেওয়া, রিকশার বিরুদ্ধে অভিযান বন্ধ এবং চালকদের বৈধ লাইসেন্স দেওয়ার দাবিতে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে রিকশা শ্রমিক ইউনিয়ন ৯৩৯-এর সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলামসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন। এতে বিপুলসংখ্যক রিকশাচালক অংশ নেন।

বক্তারা বলেন, রিকশা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে এর আগে একাধিকবার আলোচনা হয়েছে। প্রতিবারই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সর্বশেষ কোরবানির ঈদের সময়ও প্রশাসনের সঙ্গে সংগঠনের নেতাদের আলোচনা হয়। তখনও সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি।

তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন শ্রমিকেরা। রিকশা আটক থাকায় তাঁদের আয় বন্ধ হয়ে যাচ্ছে। এতে পরিবার-পরিজন নিয়ে তাঁরা আর্থিক সংকটে পড়ছেন। তাই আটক রিকশা ও ইজিবাইক দ্রুত ফেরত দেওয়ার পাশাপাশি চালকদের বৈধ লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করতে হবে।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁদের দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, সোমবার (২৪ আগস্ট) যশোর পৌরসভা ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে অবৈধ রিকশা ও ইজিবাইকের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু যানবাহন আটক করা হয়।

এ বিষয়ে যশোর পৌরসভার প্রকৌশলী কামাল হোসেন বলেন, অবৈধ রিকশা ও ইজিবাইকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। গত দুই দিনে চালকদের সতর্ক করে বেশ কিছু অবৈধ রিকশা ও ইজিবাইক ছেড়ে দেওয়া হয়েছে। তবে উচ্ছৃঙ্খলতা ও অসদাচরণের অভিযোগে কয়েকটি অবৈধ রিকশা ও ইজিবাইক আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments