HomeUncategorizedপ্রথমবার নৌযান শুমারি, তালিকায় ২ লাখ ৪৪ হাজার ৮০৮ নৌযান

প্রথমবার নৌযান শুমারি, তালিকায় ২ লাখ ৪৪ হাজার ৮০৮ নৌযান

 

দেশের নৌপরিবহন খাতকে আরও নিরাপদ, আধুনিক ও পরিকল্পিত করতে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘নৌযান শুমারি ২০২৬’। এরই মধ্যে প্রাথমিক লিস্টিং ও ম্যাপিং কার্যক্রমে দেশের ২ লাখ ৪৪ হাজার ৮০৮টি ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হয়েছে।

আগামী ২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী শুমারির মূল তথ্য সংগ্রহ করা হবে। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে পরিচালিত এ শুমারির মাধ্যমে নৌযানের সংখ্যা, ধরন, মালিকানা, অবস্থান এবং সংশ্লিষ্ট শ্রমিক ও নাবিকদের তথ্য নিয়ে একটি সমন্বিত জাতীয় ডাটাবেস তৈরি করা হবে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নৌযান শুমারি নিয়ে অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হাসান। শুমারির বিভিন্ন দিক তুলে ধরেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন।

শুমারির আওতায় সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযান, ডাম্ব বার্জ, স্পিডবোটসহ বিভিন্ন ধরনের নৌযান অন্তর্ভুক্ত করা হবে।

সংশ্লিষ্টরা জানান, নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি হলে নৌনিরাপত্তা জোরদার, দুর্ঘটনা প্রতিরোধ, নাবিকদের প্রশিক্ষণ, নৌযান ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়নে কার্যকর পরিকল্পনা গ্রহণ সহজ হবে। একই সঙ্গে নৌদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নৌযান, মালিক, শ্রমিক ও যাত্রীদের দ্রুত শনাক্ত করে সরকারি সহায়তা দেওয়ার পথও সহজ হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ আসিফ উদ্দীন, নোয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই রনজিত কুমার সেন, বাংলাদেশ স্কাউটস যশোরের সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, দৈনিক সুবর্ণভূমির সম্পাদক ও প্রকাশক এবং চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, নুরজাহান শ্রমিক দলের নোয়াপাড়া শাখার মোহাম্মদ ইকবাল সরদার, পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম এবং নোয়াপাড়া নদীবন্দর, অভয়নগরের সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদুল ইসলামসহ জেলা প্রশাসন, পরিসংখ্যান ব্যুরো, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ, মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments