HomeTop৩১ বছরে লোকসমাজ, প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশিষ্টজনদের মিলনমেলা

৩১ বছরে লোকসমাজ, প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশিষ্টজনদের মিলনমেলা

নানা চড়াই-উতরাই পেরিয়ে ৩১ বছরে পদার্পণ করেছে যশোরের স্থানীয় দৈনিক পত্রিকা ‘লোকসমাজ’। এ উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) হোটেল ওরিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে দৈনিক লোকসমাজের সম্পাদক অধ্যাপক নার্গিস বেগম বলেন, নেতিবাচক সংবাদের পরিবর্তে সমাজ ও রাষ্ট্র গঠনে ইতিবাচক সাংবাদিকতায় বিশ্বাসী দৈনিক লোকসমাজ। একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের চিন্তা ধারণ করে পত্রিকাটি কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, জেলা শহরে একটি পত্রিকা পরিচালনার পথ কখনো মসৃণ নয়। দীর্ঘ পথচলায়, বিশেষ করে গত ১৭ বছরসহ বিভিন্ন সময়ে বৈরী পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। তবে সব প্রতিকূলতা পেরিয়ে পত্রিকাটি তার নীতি ও আদর্শ ধরে রেখেছে।

পত্রিকাটির প্রতিষ্ঠাতা প্রকাশক তরিকুল ইসলামের ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, লোকসমাজ হবে একটি নিরপেক্ষ দৈনিক। কোনো রাজনৈতিক দলের স্লোগানের বাহন না হয়ে নিরপেক্ষভাবে সঠিক বিষয়টি তুলে ধরবে। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই পত্রিকাটি এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্বাসের ভিন্নতা থাকলেও অন্যের মত ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা সুশীল সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রাসেল, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান ও সিভিল সার্জন মাসুদ রানা।

এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম এবং যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক।

সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক নূর ইসলাম, সাবেক সভাপতি ফকির শওকতসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানানো হয়। পরে দৈনিক লোকসমাজের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments