HomeTop1যশোরে তরুণ চিত্রশিল্পী মুরারির প্রথম একক চিত্র প্রদর্শনী শুরু

যশোরে তরুণ চিত্রশিল্পী মুরারির প্রথম একক চিত্র প্রদর্শনী শুরু

তরুণ চিত্রশিল্পী মুরারি মুরলী মোহনের প্রথম একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে যশোরে। শুক্রবার (৩০ অক্টোবর) যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

‘রিয়েল আর্টিস্ট অব সোসাইটি’ (Real Artist Of Society) শিরোনামের এ প্রদর্শনীতে স্থান পেয়েছে ৪০টি শিল্পকর্ম। এসব চিত্রকর্মে সমাজের খেটে খাওয়া ও শ্রমজীবী বিভিন্ন পেশার মানুষের জীবনসংগ্রাম, কর্ম ও অবদান ফুটিয়ে তুলেছেন শিল্পী।

প্রদর্শনীর উদ্বোধন করেন ভাস্কর শিল্পী মাহবুব জামাল শামীম ও চিত্রশিল্পী সোহাগ পারভেজ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন হারুন অর রশীদ, মাহমুদ হাসান বুলু, কৃষি গৌতম, সানোয়ার আলম খান দুলু, বাসুদেব বিশ্বাস ও ইহসান আননূর।

প্রদর্শনীর বিষয়বস্তু সম্পর্কে চিত্রশিল্পী মুরারি মুরলী মোহন বলেন, গ্রামে জন্ম ও বেড়ে ওঠার কারণে শৈশব থেকেই তিনি শ্রমজীবী ও মেহনতি বিভিন্ন পেশার মানুষের জীবন কাছ থেকে দেখেছেন। জ্ঞানার্জনের মাধ্যমে জেনেছেন, পরিশ্রমের ফল একসময় পাওয়া যায়। কিন্তু বাস্তবে এসব খেটে খাওয়া মানুষকে তাঁদের শ্রমের যথাযথ প্রাপ্য পেতে খুব কমই দেখেছেন।

তিনি বলেন, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ কাজ বন্ধ করে দিলে খাদ্য উৎপাদন ও জীবনযাত্রা থমকে যাবে। অথচ সমাজে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান অনেকেই উপলব্ধি করতে পারেন না। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে দেশের অনেক পেশার মানুষ হারিয়ে গেছেন কিংবা হারিয়ে যেতে বসেছেন তাঁদের হাতে তৈরি ঐতিহ্যবাহী শিল্পকর্ম।

মুরারি আরও বলেন, হারিয়ে যেতে বসা এসব পেশাজীবী ও শ্রদ্ধেয় কর্মজীবী মানুষকে রং-তুলি ও ক্যানভাসের মাধ্যমে একসঙ্গে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। তাঁর চোখে এসব শ্রমজীবী মানুষই প্রকৃত শিল্পী। তাঁরা বেঁচে থাকলে বেঁচে থাকবে দেশ, বেঁচে থাকবে পৃথিবী।

আগামী ৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে এ প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে দর্শনার্থীদের জন্য শ্রমজীবী মানুষের জীবন ও অবদান নিয়ে শিল্পীর ভাবনা দেখার সুযোগ রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments