যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামের দোয়ালী পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত তাঁর চাচাতো ভাই ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আশিকুর রহমান সোনাকুড় গ্রামের আসিরুদ্দিনের ছেলে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, আশিকুর রহমান ও তাঁর চাচাতো ভাই ফজলুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার রাত ১২টার দিকে ফজলুর রহমান তাঁর সহযোগী নজরুল ও মনিরুজ্জামানসহ কয়েকজনকে নিয়ে আশিকুরের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও শাবল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয় লোকজন আশিকুরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ফজলুর রহমানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

