HomeTopঅভয়নগরে সিভিল সার্জনের অভিযান: ইউনাইটেড ক্লিনিকের ওটি বন্ধের নির্দেশ, সতর্ক করা হলো...

অভয়নগরে সিভিল সার্জনের অভিযান: ইউনাইটেড ক্লিনিকের ওটি বন্ধের নির্দেশ, সতর্ক করা হলো আরও দুই ক্লিনিককে

অভয়নগর প্রতিনিধি:যশোরের অভয়নগরে বেসরকারি ক্লিনিক পরিদর্শনে গিয়ে বিভিন্ন অসংগতি পাওয়ার কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন মো. মাসুদ রানা। শনিবার সকালে নওয়াপাড়া সরকারি হাসপাতাল রোডসংলগ্ন ইউনাইটেড ক্লিনিক, আল-মদিনা ক্লিনিক ও ফাতেমা ক্লিনিকে আকস্মিক পরিদর্শন চালানো হয়। পরিদর্শনের পর ইউনাইটেড ক্লিনিকের অপারেশন থিয়েটারের (ওটি) সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। অন্য দুটি ক্লিনিককে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

জেলা সিভিল সার্জন মো. মাসুদ রানার ভাষ্য অনুযায়ী, ইউনাইটেড ক্লিনিকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদনসংক্রান্ত কাগজপত্র, চিকিৎসক-নার্সের উপস্থিতি এবং অস্ত্রোপচারের নথিপত্র নিয়ে অসংগতি দেখা গেছে। সিভিল সার্জনের অভিযোগ, ক্লিনিকটিতে ২৪ ঘণ্টা চিকিৎসক ও নার্স উপস্থিত থাকেন না। কর্তৃপক্ষ যে চিকিৎসকের কথা জানিয়েছে, তিনি অন-কল ভিত্তিতে বাড়ি থেকে এসে দায়িত্ব পালন করেন। তিনি আরও জানান, পরিদর্শনের আগের দুই দিনে ক্লিনিকটিতে দুটি অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট রোগীদের কী ওষুধ দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র কর্তৃপক্ষ দেখাতে পারেনি বলে দাবি করেন তিনি। “এগুলো স্পষ্ট প্রতারণা। আমরা চাই, ক্লিনিক ব্যবসা করুক; কিন্তু সরকারি নিয়মনীতি মেনে। অবৈধভাবে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই।”

তাঁর বক্তব্য অনুযায়ী, এসব অসংগতির কারণে ইউনাইটেড ক্লিনিকের অপারেশন থিয়েটারের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
একই অভিযানে আল-মদিনা ও ফাতেমা ক্লিনিকেও কিছু অনিয়ম পাওয়া গেছে বলে জানান সিভিল সার্জন। তবে এ দুটি ক্লিনিকের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ না দিয়ে মৌখিক সতর্কবার্তা দেওয়া হয়েছে।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলিমুর রাজিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোগীদের নিরাপত্তার স্বার্থে ক্লিনিক পরিচালনায় প্রয়োজনীয় অনুমোদন, পর্যাপ্ত জনবল এবং চিকিৎসাসংক্রান্ত নথিপত্র সংরক্ষণ নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও স্বচ্ছ পদক্ষেপের দাবি সচেতন মহলের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments