HomeTop1যশোরের ব্যবসায়ী খোকনের জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন

যশোরের ব্যবসায়ী খোকনের জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন

যশোরের বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী, খোকন ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী, যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদের সহসাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কোষাধ্যক্ষ সৈয়দ শাহজাহান আলী খোকনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বাদ যোহর যশোর টাউন হল ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ কারবালা কবরস্থানে নিয়ে দাফন করা হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।

জানাজা পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি হযরত মাওলানা আব্দুল মান্নান। জানাজার আগে বক্তব্য দেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. মিজানুর রহমান খান এবং মরহুমের সহোদর সৈয়দ মো. জাহাঙ্গীর হোসেন টোকন।

জানাজায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. দেলোয়ার হোসেন খোকন, বিসিবির পরিচালক ও দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক মো. তানভীরুল ইসলাম সোহান, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মল্লুক চান, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনজুরুল হক খোকন, জেলা যুবদলের সাবেক সভাপতি এহতেশামুল হক পাপ্পু, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এহতেশামুল হক পরাগ, যশোর ইনস্টিটিউটের সহসভাপতি কবি কাজীজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বাসদ নেতা হাসিনুর রহমান, অধ্যাপক মো. কুদ্দুস, অধ্যাপক মকবুল হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তসলিম উর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুজ্জামান পিন্টুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

মরদেহ যশোর ইনস্টিটিউটের সামনে নেওয়া হলে তাঁকে শেষবারের মতো দেখতে শুভাকাঙ্ক্ষীরা সেখানে সমবেত হন। এ সময় যশোর ইনস্টিটিউটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।

এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে যশোর পৌর কমিউনিটি সেন্টারে একটি অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে গিয়ে বেলা পৌনে তিনটার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হন খোকন। এ সময় তাঁর সঙ্গে থাকা যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক তাঁকে দ্রুত যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব ঘোষ পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৩টা ১১ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিসিবির পরিচালক শান্তনু ইসলাম সুমিত। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় রোববার (২৫ অক্টোবর) বাদ আসর যশোর শহরের এম এম আলী রোডের বাইতুস সালাম জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments