HomeTop1ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি সেবার মানের অবনতি ও শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির প্রধান ছাত্র সংগঠন ন্যাশনাল ইউনিয়ন অব স্টুডেন্টস অব ফ্রান্স (ইউএনইএফ)। এ ছাড়া আগামী সপ্তাহের শেষ দিকে, অর্থাৎ ৩০ ও ৩১ অক্টোবরের কাছাকাছি সময়ে, মধ্যাঞ্চলীয় শহর অরলিন্সে সমাবেশের পরিকল্পনা করেছে প্রধান বিরোধী দল।

নতুন কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্যারিসসহ বিভিন্ন শহরে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শুক্রবার (২৩ অক্টোবর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত সপ্তাহে বিক্ষোভ চলাকালে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। নতুন করে সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার প্যারিসে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতা ও লুটপাটের আহ্বান ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে শনিবার (২৪ অক্টোবর) ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে।

বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি শহরে সমাবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর লিওঁ। প্যারিসে মিছিলের জন্য নির্দিষ্ট সড়কও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইতে প্রথমে বিক্ষোভ নিষিদ্ধ করা হলেও পরে একটি শ্রমিক সংগঠনকে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়।

বিক্ষোভের প্রভাব পড়েছে সাংস্কৃতিক আয়োজনেও। শনিবার (২৪ অক্টোবর) প্যারিসের ল্যুভরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ জাদুঘর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের আগেই শেষ করা হচ্ছে বাসেল শিল্পমেলার কার্যক্রম।

গত ১৭ অক্টোবরের ঘটনায় এখন পর্যন্ত ২১৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশটির বিচারমন্ত্রী জানিয়েছেন, কারাগারে পাঠানো ব্যক্তিদের প্রায় অর্ধেকের আগে কোনো অপরাধের রেকর্ড ছিল না।

এদিকে, চলমান সংকটের কারণে অক্টোবরের শেষ দিকে নাইজেরিয়া ও সেনেগাল সফর পিছিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। শুক্রবার (২৩ অক্টোবর) শীর্ষ মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে প্রতিরক্ষা পরিষদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এ ছাড়া শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করার কথা রয়েছে মাখোঁর। জীবনযাত্রার ব্যয়, সরকারি সেবার মান ও শিক্ষা খাতের সংকট নিয়ে চলমান অসন্তোষের মধ্যে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments