HomeTopনতুনহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নতুনহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-বেনাপোল মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নতুনহাট মোড়সংলগ্ন বড় মেঘলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিয়াম হোসেন নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি যশোর সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে। আরেকজনের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর নাম আরিফুল ইসলাম জয় বলে জানা গেছে। তাঁর বাবার নাম শহিদুল ইসলাম। পরিচয়পত্রে ঠিকানা হিসেবে যশোর পৌরসভার শংকরপুর এলাকার বেজপাড়ার পিয়ারী মোহন রোড উল্লেখ রয়েছে। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
এ ঘটনায় আহত দুজন হলেন মণ্ডলগাতী এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিয়াম, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে করে মণ্ডলগাতী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে নতুনহাট মোড় পেরিয়ে বড় মেঘলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যশোরের দিকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল দুটির একটি যশোর ল-১২-৭৭৩৪ নম্বরের পালসার এবং অন্যটি নড়াইল ল-১১-১৭৩৬ নম্বরের হোন্ডা হরনেট। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সিয়াম হোসেন বেনাপোলগামী মোটরসাইকেলে ছিলেন। অপর দুই নিহত ব্যক্তি যশোরগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিহতদের একজনের কাছ থেকে আরিফুল ইসলাম জয় নামের একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্রে তাঁর বাবার নাম শহিদুল ইসলাম এবং ঠিকানা যশোরের শংকরপুর এলাকার বেজপাড়ার পিয়ারী মোহন রোড উল্লেখ রয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং তাঁদের স্বজনদের খুঁজে বের করতে পুলিশের একাধিক দল কাজ করছে। পরিচয় না পাওয়া অপর নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টাও অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments