প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি অনুসরণ করে যশোর জেলা বিএনপি কার্যালয়ে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল প্রকল্প। বুধবার (২১ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, তাঁর জানা মতে, দেশের কোনো রাজনৈতিক কার্যালয়ে এর আগে সোলার প্যানেল স্থাপন করা হয়নি। যশোর জেলা বিএনপি কার্যালয়ের এই উদ্যোগ দেখে অন্যান্য রাজনৈতিক দলও নিজেদের কার্যালয়ে সৌরবিদ্যুৎ স্থাপনে আগ্রহী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, আগামী গ্রীষ্মের আগে সোলার প্যানেল থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। সরকার এ খাতে নীতিগত সহায়তা দিচ্ছে এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতেও কাজ করছে। মানুষের এই আগ্রহ অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, যশোরসহ দক্ষিণাঞ্চলের সেচ পাম্পগুলো পর্যায়ক্রমে সোলার প্যানেলের আওতায় আনা হবে। এতে ডিজেল ও প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি কৃষকের উৎপাদন ব্যয়ও হ্রাস পাবে।
জেলা বিএনপি কার্যালয়ে স্থাপিত সোলার প্যানেলটি কার্যালয়ের চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদনে সক্ষম বলে জানান প্রতিমন্ত্রী। উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে। জেলা বিএনপির নিজস্ব অর্থায়নে স্থাপিত এ প্রকল্পের ব্যয় আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে উঠে আসবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্যসচিব রাজিদুর রহমান সাগর এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ দলীয় নেতাকর্মীরা।

