বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮ পিস স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ মো. আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা থানার খাজুরা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক ও উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলমসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান গ্রামের ‘প্রাইম ব্রিকস’ ইটভাটাসংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়ক থেকে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই ব্যক্তি পালিয়ে যান।
পরে সাক্ষীদের উপস্থিতিতে আলাউদ্দীনের হেফাজতে থাকা ১৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া চোরাচালানের কাজে ব্যবহারের অভিযোগে একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, পালিয়ে যাওয়া দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

