HomeTopযশোরের ৭৪৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, সম্প্রীতি রক্ষায় নানা উদ্যোগ

যশোরের ৭৪৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, সম্প্রীতি রক্ষায় নানা উদ্যোগ

যশোরের আট উপজেলায় এবার ৭৪৬টি মন্দির ও মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। উৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা শাখা। নিরাপত্তা জোরদার, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের লালদিঘীর পুকুরপাড়ে পূজা উদযাপন পরিষদের জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রস্তুতির কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার আট উপজেলার মধ্যে যশোর সদরে ১৩৫টি, অভয়নগরে ১৩৩টি, মনিরামপুরে ১৩১টি, কেশবপুরে ১০২টি, বাঘারপাড়ায় ৮২টি, ঝিকরগাছায় ৬১টি, চৌগাছায় ৫৩টি এবং শার্শায় ৩২টি মন্দির ও মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

১৫ অক্টোবর সকালে বোধন ও বিকেলে পূজার আনুষ্ঠানিকতা শুরুর পর ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। ইতোমধ্যে বিভিন্ন মণ্ডপে প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে রয়েছে।

উৎসবের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে লালদিঘীর পুকুরপাড়ে পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সেখান থেকে সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ, এনএসআই, ডিজিএফআই, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করা হচ্ছে।

নিরাপত্তার অংশ হিসেবে প্রতিটি মণ্ডপে নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথ, বিকল্প আলোর ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক মোতায়েন এবং স্থানীয় হিন্দু-মুসলিম প্রবীণদের সমন্বয়ে নিরাপত্তা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। উৎসব চলাকালে উত্তেজনা সৃষ্টি করতে পারে—এমন গান পরিবেশন থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করতে জেলার প্রতিটি উপজেলায় হিন্দু-মুসলিম জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণে সম্প্রীতি শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। এ উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করছেন।

পূজা উদযাপন পরিষদের নেতারা আশা প্রকাশ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক রতন আচার্য্য, প্রচার সম্পাদক প্রশান্ত সরকার, সদর উপজেলা কমিটির সভাপতি রবিন কুমার পাল, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, কোষাধ্যক্ষ আনন্দ সাহা এবং পৌর কমিটির সাধারণ সম্পাদক উৎপল কুমার ঘোষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments