আধুনিক শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআনের হিফয কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শে গড়ে তোলার প্রত্যয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার হিফয সবক সমাপন ও সবক প্রদান অনুষ্ঠান-২০২৬। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, যশোর শাখার উদ্যোগে মাদরাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেয মাওলানা হাবীবুল্লাহ মোহাম্মদ ইকবাল। প্রধান আলোচক ছিলেন যশোর আমিনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকার পরিচালক এম এম রবিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক ও খুলনা জোনাল ইনচার্জ হাফেয মাওলানা আ খ ম মাসুম বিল্লাহ।
বক্তারা বলেন, পবিত্র কুরআনের হিফয শুধু মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধ ব্যক্তিজীবনে ধারণ করাও গুরুত্বপূর্ণ। আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয় শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
প্রধান অতিথি হাফেয মাওলানা হাবীবুল্লাহ মোহাম্মদ ইকবাল বলেন, কুরআনের হাফেজ তৈরি করা একটি মহৎ দায়িত্ব। তবে শিক্ষার্থীদের শুধু হাফেজ নয়, সৎ, দায়িত্বশীল, আদর্শবান ও দেশপ্রেমিক মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। কুরআনের শিক্ষা যেন তাঁদের ব্যক্তিগত জীবন, পরিবার ও সমাজে প্রতিফলিত হয়, সে বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি এম এম রবিউল ইসলাম বলেন, আধুনিক শিক্ষার সঙ্গে কুরআন শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিকতার বিকাশে কাজ করছে তানযীমুল উম্মাহ। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সমসাময়িক জ্ঞান অর্জনের সুযোগ নিশ্চিত করতে মানসম্মত শিক্ষা ও সুশৃঙ্খল পরিবেশ প্রয়োজন।
প্রধান আলোচক হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, হিফয সম্পন্ন করার পরও কুরআনের সঙ্গে নিয়মিত সম্পর্ক বজায় রাখা এবং এর শিক্ষা অনুযায়ী নৈতিক চরিত্র গঠন করা জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকেরা জানান, মাদরাসার সুশৃঙ্খল পরিবেশ, নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা এবং আধুনিক শিক্ষার সঙ্গে হিফয কার্যক্রমের সমন্বয় তাঁদের আশাবাদী করেছে। তাঁদের প্রত্যাশা, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি যুগোপযোগী জ্ঞান অর্জন করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৬ শিক্ষাবর্ষে তানযীমুল উম্মাহর যশোর শাখা থেকে মোট ৩০ জন শিক্ষার্থী পবিত্র কুরআনের হিফয সম্পন্ন করেছেন। আগামী ২৬ অক্টোবর ঢাকায় আনুষ্ঠানিকভাবে তাঁদের পাগড়ি পরিয়ে সম্মানিত করা হবে।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

