HomeTopযশোরে পরিচ্ছন্নতা নিয়ে বিরোধে অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটানোর অভিযোগ

যশোরে পরিচ্ছন্নতা নিয়ে বিরোধে অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটানোর অভিযোগ

যশোর শহরে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে আহত হয়েছেন চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরী (৬০)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকায় নিজের বাড়ির সামনে একটি মোটরসাইকেল গ্যারেজের কাছে এ ঘটনা ঘটে।

আহত সমু চৌধুরী ওই এলাকার বাসিন্দা আবুল কাশেম চৌধুরীর ছেলে। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানিয়েছেন, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সমু চৌধুরীর বাড়ির সামনে অবস্থিত একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা ও আশপাশের পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর (৩৬) ও হৃদয় (৩২) নামে দুই ব্যক্তি তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তার মাথা কেটে যায়।

অভিযুক্ত জাহাঙ্গীর শহরের আরএন রোড এলাকার এবং হৃদয় সিটি কলেজপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments