যশোরে বাড়িতে হামলা, গাড়ির গতিরোধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করা, ভাঙচুর ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তামিম আবু উমামা। রোববার (১১ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তামিম আবু উমামা অভিযোগ করেন, যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া কদমতলা এলাকার আনোয়ার হোসেন, তাঁর মেয়ে ফারজানা খাতুন ঐশী, ভাই দেলোয়ার হোসেনসহ কয়েকজনের সঙ্গে বিরোধের জেরে তিনি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। তামিম পূর্ববারান্দি মোল্লাপাড়া ঢাকা রোড এলাকার লোকমান হোসেনের ছেলে।
লিখিত বক্তব্যে তামিম জানান, প্রায় আড়াই বছর আগে আনোয়ার হোসেনের মেয়ে ঐশীর সঙ্গে তাঁর বিয়ের আলোচনা হয়েছিল। পরে কাবিনের টাকা নিয়ে মতবিরোধের কারণে বিয়ের প্রস্তাব বাতিল হয়। এরপর থেকেই তাঁদের মধ্যে বিরোধের সূত্রপাত। এ বিরোধের জেরে তাঁকে আসামি করে ছয়টি মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এর মধ্যে চারটি মামলা আদালতে মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে বলেও অভিযোগ করেন তামিম।
তিনি আরও অভিযোগ করেন, গত ৭ অক্টোবর সন্ধ্যায় আনোয়ার হোসেন ও তাঁর সহযোগীরা তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং বাড়ির ক্ষয়ক্ষতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তামিমের অভিযোগ, গত ৮ অক্টোবর দুপুর ১টার দিকে অফিসে যাওয়ার পথে নীলগঞ্জ ভিসা অফিসের সামনে তাঁর গাড়ির গতিরোধ করা হয় এবং তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার ভিডিও তাঁর মুঠোফোন ও গাড়ির ড্যাশ-ক্যামেরায় সংরক্ষিত রয়েছে। প্রয়োজনে এসব ভিডিও প্রশাসনের কাছে হস্তান্তর করবেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে তামিম আরও অভিযোগ করেন, তাঁদের দায়ের করা মানহানির মামলা প্রত্যাহার করতে প্রভাব খাটিয়ে চাপ প্রয়োগ করা হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি, তাঁর বাবা ও পরিবারের অন্য সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাঁদের ওপর বড় ধরনের হামলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলন থেকে বাড়িতে হামলা, গাড়ির গতিরোধ করে লাঞ্ছিত করা ও ভাঙচুরের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তামিম আবু উমামা।

