যশোর প্রতিনিধি:যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শাড়ি, কম্বল, চাদর, ওয়ান পিস, খাদ্যপণ্য ও কসমেটিকস সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
আটক মালামালের মধ্যে রয়েছে ৭২টি শাড়ি, একটি কম্বল, পাঁচটি চাদর, তিনটি ওয়ান পিস, চার প্যাকেট ফুচকা, দুই প্যাকেট সনপাপড়ি এবং ৩৮৯টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। বিজিবির হিসাবে আটক মালামালের মোট মূল্য ৬ লাখ ১৮ হাজার ৩০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে বিজিবি সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

