যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী স্বর্ণপদক অর্জনে ধারাবাহিক সাফল্য দেখিয়েছেন। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকায় যবিপ্রবির বিভিন্ন অনুষদ ও বিভাগের মোট ১৬ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত তালিকা অনুযায়ী, নিজ নিজ বিভাগে সর্বোচ্চ ফলাফল অর্জনের স্বীকৃতি হিসেবে এসব শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক লাভ করেন।
২০১৯ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকায় যবিপ্রবির ছয় শিক্ষার্থী স্থান পান। তারা হলেন—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অমিত কুমার মণ্ডল (৩.৯০), নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের মোছা. হোসনেয়ারা আক্তার (৩.৮৫), ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সোবনিল বিশ্বাস (৩.৯৭), ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের মো. রায়হান চৌধুরী (৩.৬৯), রসায়ন বিভাগের মো. ইসমাইল (৩.৮২) এবং ইংরেজি বিভাগের মো. আতিকুর রহমান (৩.৬১)।
২০২০ সালের তালিকাতেও যবিপ্রবির শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকে। ওই বছর বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক অর্জন করেন।
তারা হলেনকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. রমজান আলী (৩.৬৮), এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের মোছা. শামীমা আক্তার (৩.৮১), ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের রুবাব শারমীন মুন (৩.৮৯), ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের তাওহীদ সারোয়ার (৩.৬৩), রসায়ন বিভাগের শোজনী খাতুন (৩.৮৭), ইংরেজি বিভাগের মুক্তা দাস (৩.৬০) এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের জারিন খান মুন (৩.৯০)।
২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকায় যবিপ্রবির আরও তিন শিক্ষার্থী স্থান পান। তারা হলেন—পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সিমন্তা রায় (৩.৭৬), অ্যাগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের মো. শারমিন আক্তার (৩.৮৫) এবং ফার্মেসি বিভাগের স্বরূপা বিশ্বাস (৩.৯১)।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। নিজ নিজ বিষয়ে অসাধারণ ফলাফলের মাধ্যমে যবিপ্রবির শিক্ষার্থীদের এই ধারাবাহিক অর্জন বিশ্ববিদ্যালয়টির একাডেমিক উৎকর্ষ ও শিক্ষার্থীদের মেধার পরিচায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত তিন বছরে ১৬ জন শিক্ষার্থীর প্রধানমন্ত্রী স্বর্ণপদক অর্জন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য সাফল্য। মেধাবী এসব শিক্ষার্থীর অর্জন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

