“সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণপূর্ত বিভাগ যশোরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন যশোর গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক। সভায় সভাপতিত্ব করেন যশোরের ডিডিএলজি রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোরের সিভিল সার্জন মাসুদ রানা, চেম্বার অব কমার্স যশোরের সভাপতি মিজানুর রহমান খান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিকল্পিত ও টেকসই নগরায়ণের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য নিরাপদ ও সর্বজনীন বাসস্থানের সুযোগ নিশ্চিত করা জরুরি। ক্রমবর্ধমান নগরায়ণের ফলে আবাসন চাহিদা বাড়ছে। এ পরিস্থিতিতে পরিবেশ ও জনবান্ধব পরিকল্পনার মাধ্যমে টেকসই নগর গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশবান্ধব আবাসন অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

