উৎসবমুখর পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির।
উদ্বোধন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের খেলোয়াড়দের উপস্থিতিতে রঙিন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। পরে উপাচার্য মাঠে নেমে বিভিন্ন বিভাগের খেলোয়াড়দের সঙ্গে কুশল ও সৌহার্দ্য বিনিময় করেন। এ সময় তিনি খেলোয়াড়দের সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো. অভিনু কিবরিয়া ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিভিন্ন বিভাগের খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির বলেন, ‘আমাদের জিততেই হবে—এ ধরনের মনোভাব পরিত্যাগ করতে হবে। খেলাধুলায় অংশগ্রহণ করা এবং আনন্দঘন পরিবেশে খেলা শেষ করাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই একে অপরের ভাই। এই ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যকে ধারণ করেই আমাদের খেলায় অংশ নিতে হবে। আমাদের জিততেই হবে এমন মানসিকতা খেলাধুলার সৌন্দর্য নষ্ট করে।’
উপাচার্য আশা প্রকাশ করে বলেন, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি শক্তিশালী মূল ফুটবল দল গড়ে উঠবে। ভবিষ্যতে সেই দল অন্যান্য বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে আরও বড় পরিসরে সাফল্য অর্জন করবে।

