নজরুল বর্ষ ও ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের সাংস্কৃতিক সংগঠন নৃত্য বিতানের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৃত্য বিতানের প্রারম্ভিক বর্ষ থেকে ষষ্ঠ বর্ষ পর্যন্ত ৮৭ জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
নৃত্য বিতানের পরিচালক সঞ্জীব চক্রবর্তী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৃত্য বিতানের সভাপতি অ্যাডভোকেট শাহারিয়ার বাবু। অনুষ্ঠান পরিচালনা করেন ধীরাজ সাউ।
অনুষ্ঠানে বক্তব্য দেন নৃত্য বিতানের শিক্ষক সুকুমার আইচ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহেদী হাসান নয়ন, হুসাইন তারেক ও জান্নাতুল নাঈমা সোনিয়া।
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ভরতনাট্যম, কথক, লোকনৃত্য ও সৃজনশীল নৃত্য পরিবেশন করেন নৃত্য বিতানের শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক পরিবেশনা ও সনদপত্র বিতরণকে ঘিরে জেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থী, অভিভাবক ও সাংস্কৃতিক অনুরাগীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

