প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
শোকজ পাওয়া দুই নেতা হলেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর রাতে ‘ছাত্রশক্তি’র নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই দুই নেতা প্রেসক্লাব যশোরে যান। সেখানে তারা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর পরদিন, ২৭ সেপ্টেম্বর রাতে জেলা এনসিপির দপ্তর সম্পাদক তপু ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে তাদের কারণ দর্শাতে বলা হয়। নোটিশে উল্লেখ করা হয়, দলীয় ফোরামে আলোচনা বা সমন্বয় না করে ওই কর্মসূচিতে অংশ নেওয়ার ঘটনায় দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
নোটিশে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়।
এ বিষয়ে জেলা এনসিপির আহ্বায়ক নুরুজ্জামান বলেন, দলীয় সমন্বয় নিশ্চিত না করে কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে তাদের শোকজ করা হয়েছিল। তবে কেন্দ্রীয় পর্যায়ের মধ্যস্থতায় বিষয়টি ইতোমধ্যে অভ্যন্তরীণভাবে সমাধান করা হয়েছে। সংশ্লিষ্ট নেতাদের সতর্কও করা হয়েছে বলে জানান তিনি।

