যশোরের বাঘারপাড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শিশুসহ একই পরিবারের ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে বাঘারপাড়া থানাধীন কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—মোহাম্মদ ওয়াহিদুজ্জামান অসীম (৪০), তার বাবা হাবিবুর রহমান (৭০), হাবিবুর রহমানের স্ত্রী শামীমা খাতুন (৬০), তানভীর জসিম, ইউনুস শিকদার ও হাসান। তাদের মধ্যে একজন শিশু রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আহতদের দাবি, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল নিজেদের পৈতৃক সম্পত্তিতে বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে শনিবার বিকেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তারা।
আহতদের অভিযোগ, মো. শরিফুল ইসলাম, তুষার, তবিবরসহ আরও কয়েকজন এ হামলায় জড়িত ছিলেন। হামলায় একই পরিবারের ছয়জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে আহত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে হামলার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

