এশিয়ান গেমসের উদ্বোধনী দিনে অদ্ভুত অভিজ্ঞতার মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চীনের অনুরোধে আয়োজিত প্রীতি ম্যাচ খেলতে নির্ধারিত সময়ের আগেই মাঠে পৌঁছালেও প্রতিপক্ষকে পাওয়া যায়নি।
সকাল ৯টার ম্যাচের জন্য বাংলাদেশ দল সাড়ে ৭টায় মাঠে যায়। পরে জানতে পারে, চীন ম্যাচটি খেলতে আসছে না।
ফলে ম্যাচের বদলে সেমিফাইনালের প্রস্তুতি নেয় বাংলাদেশ।
বাংলাদেশ নারী দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ বলেন, ‘৯টার ম্যাচের জন্য আমরা সাড়ে ৭টায় মাঠে আসি।
এসে শুনি কিউরেটর বলছে খেলা হবে না। কিছুক্ষণ পর জানতে পারি চীন আসবে না।
’
বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ জানান, অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার অনুরোধেই চীনের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছিল বাংলাদেশ। তবে সবকিছু চূড়ান্ত হওয়ার পরও চীন মাঠে আসেনি। কেন তারা আসেনি, সে বিষয়ে চীনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে বৃষ্টির কারণে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালেও বাংলাদেশ-চীন ম্যাচ হয়নি। আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে উঠে যায়।

