যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় দীর্ঘদিনের একটি সড়ক আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পাকা করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সড়কটির উন্নয়ন করা হয়। এতে এলাকার প্রায় ১০০ পরিবারের চলাচলে স্বস্তি ফিরেছে।
বৃহস্পতিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন ফিতা কেটে সড়কটির উদ্বোধন করেন।
স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ্ব শহিদুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় অনিন্দ্য ইসলাম অমিত জামতলা এলাকায় গেলে স্থানীয়রা সড়কটি পাকা করার দাবি জানান। তখন নির্বাচিত হলে সড়কটি পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে সড়কটি আরসিসি ঢালাই করা হয়েছে।
উদ্বোধনকালে দেলোয়ার হোসেন খান খোকন বলেন, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজ এলাকায় বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ শুরু করেছেন। এসব কাজ সফলভাবে সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা অধ্যাপক আব্দুল কুদ্দুস, আবুল কাশেম কালুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

