অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আনিসুর রহমান (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের একটি পানের বরজে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। পরে শিক্ষার্থীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে আনিসুর পালানোর চেষ্টা করেন। স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয় নিত্যানন্দ সরকার জানান, তিনি পানের বরজে কাজ করার সময় ওই শিক্ষার্থীর চিৎকার শুনে ঘটনাস্থলে যান। পরে আনিসুরকে আটক করা হয়।
আটক আনিসুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাড়া ঘাটাইল গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ভাঙ্গাগেট এলাকায় ভাড়া বাসায় থাকেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে আনিসুরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে

