Homeযশোরআজ দেবশিল্পী শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা, নড়াইলে উৎসবের আমেজ

আজ দেবশিল্পী শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা, নড়াইলে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার ১৮ সেপ্টেম্বর শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা। হিন্দু পৌরাণিক কাহিনী মতে- বিশ্বকর্মা হলেন দেবশিল্পী।

বিষ্ণুপুরাণের মতে, প্রভাসের ঔরসে বৃহস্পতির ভগিনীর গর্ভে বিশ্বকর্মার জন্ম হয়। বেদে পৃথিবীর সৃষ্টিকর্তাকে বিশ্বকর্মা বলা হয়েছে। বিশ্বকর্মা মূলত সৃষ্টিশক্তির রূপক নাম। সেই অর্থে বিশ্বকর্মা পিতা, সর্বজ্ঞ দেবতাদের নামদাতা। বিশ্বকর্মা সর্বমেধ-যজ্ঞে নিজেকে নিজের কাছে বলি দেন।

পূরাণ মতে, বিশ্বকর্মা তার বাহু ও পায়ের সাহায্যে স্বর্গ ও মর্ত্য নির্মাণ করেন। বিশ্বকর্মাই শিল্পসমূহের প্রকাশক ও অলঙ্কারের স্রষ্টা, দেবতাদের বিমান-নির্মাতা। বিশ্বকর্মার কৃপায় মানুষ শিল্পপকলায় পারদর্শিতা লাভ করে। তিনি উপবেদ, স্থাপত্য-বেদের প্রকাশক এবং চতুঃষষ্টি কলার অধিষ্ঠাতা। তিনি প্রাসাদ, ভবন ইত্যাদির শিল্পী। স্বর্গ ও লঙ্কাপুরী বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন। রামের জন্য সেতুবন্ধ নির্মাণকালে নলবানরকে সৃষ্টি করেন। কোনো কোনো পুরাণ মতে, বিশ্বকর্মা বৈদিক ত্বষ্টা দেবতার কর্মশক্তিও আত্মসাৎ করেছিলেন। এই জন্য তিনি ত্বষ্টা নামেও অভিহিত হন।

বিশ্বকর্মা বিষ্ণুর সুদর্শনচক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, কার্তিকেয়ের শক্তি ও অন্যান্য দেবতাদের অস্ত্রশস্ত্রাদি নির্মাণ করেন। বলা হয়ে থাকে, শ্রীক্ষেত্রের প্রসিদ্ধ জগন্নাথমূর্তি বিশ্বকর্মা প্রস্তুত করেন।

আধুনিক কালে বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসবে রূপ নিয়েছে। সনাতন ধর্মাবলম্বী বিশেষ করে যারা নির্মাণ শিল্পী, কলকারখানার শ্রমিক, নরসুন্দর, ছুতোরসহ অন্যান্যরাও বিশ্বকর্মা পুজো করে থাকে। দেবশিল্পী বিশ্বকর্মার আশিস কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। বিশ্বকর্মা চতুর্ভুজ ও গজারূঢ়। তাঁর আকৃতি অনেকটা কার্তিকের মতো।

প্রতিবছর ভাদ্রমাসের সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। অন্যান্য দেব-দেবীর মতোই মূর্তি গড়ে অথবা ঘটে-পটে বিশ্বকর্মার পূজা করা হয়। সূতার-মিস্ত্রিদের মধ্যে বিশ্বকর্মা পূজার প্রচলন সর্বাধিক। তবে বাংলায় স্বর্ণকার, কর্মকার এবং দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন। এ সময় প্রত্যেকের ঘরে বিশেষ খাওয়াদাওয়ার ব্যবস্থা হয় এবং কোথাও কোথাও পূজার পরে ঘুড়ি ওড়ানো উৎসব সহ বিভিন্ন মেলার আয়োজন করা হয়।

শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে নড়াইল বেশ সরগরম। বিশেষ করে, শহরের ঐতিহ্যবাহী রূপগঞ্জ বাজারসহ অন্যান্য বাণিজ্যিক পয়েন্ট, ব্যক্তিগত উদ্যোগে বিশ্বকর্মা পূজা পালিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments