ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো বিমানবন্দর এলাকায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত আরও দুই প্রাপ্তবয়স্ক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, চারজন আরোহী নিয়ে উড়োজাহাজটি শনিবার (৫ সেপ্টেম্বর) সান জোয়াকিন নদীর কাছাকাছি আছড়ে পড়ে। খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায় জরুরি উদ্ধারকারী দল।
ফ্রেসনো কাউন্টি শেরিফ কার্যালয়ের তথ্য কর্মকর্তা টনি বোটি দ্য ক্যালিফোর্নিয়া পোস্টকে জানান, দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ সিয়েরা স্কাই পার্কের কাছে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। পুলিশ, ফায়ার সার্ভিস ও শেরিফের একটি যৌথ দল ঘটনাস্থলে গিয়ে নদীর পাশের পাহাড়ি ঢালে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ দেখতে পায়। এ সময় পাশের পাহাড়ের ঝোপঝাড়ে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়।
দুর্ঘটনার পরপরই গুরুতর দগ্ধ দুই প্রাপ্তবয়স্ককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ও আহতদের পরিচয় এবং বয়স তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
উড়োজাহাজটি কী কারণে বিধ্বস্ত হলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তের সুবিধার্থে দুর্ঘটনাস্থল ঘিরে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সংবাদমাধ্যম এবিসিথার্টি জানিয়েছে, প্রাথমিক উদ্ধারে ফ্রেসনো পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি উত্তর সেন্ট্রাল ফায়ার ডিপার্টমেন্ট অংশ নেয়। দুর্ঘটনায় ওই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়লেও পরে তা মেরামত করা হয়েছে।

