যশোর প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের বর্তমান গণতান্ত্রিক অর্জন নষ্ট করতে একটি চক্র অতীতের মতো বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থেকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার যশোরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিএনপি তার অঙ্গীকার থেকে সরে আসার দল নয়। অতীতের মতো বর্তমানেও জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার রক্ষা করে দলটি দেশ পরিচালনা করছে। বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

