যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ আল আপন (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় হোসেন আল আমিন (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ উড়োতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল আপন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের ওবায়দুল রহমানের ছেলে।
নোয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে প্রতিবেশী হোসেন আল আমিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন আপন। রাত ১২টার দিকে প্রেমবাগ উড়োতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হোসেন আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

