যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে উত্তেজনা বেড়েছে। আজ (৩ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে এই মধ্যবর্তী নির্বাচন। কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় চাপে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দুই কক্ষবিশিষ্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে লড়ছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি ও বিরোধী ডেমোক্রেটিক পার্টি। স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরই মধ্যে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন।
এই নির্বাচনের ফলেই নির্ধারিত হবে, কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। প্রতিনিধি পরিষদের সব ৪৩৫টি আসন এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে। কংগ্রেসের যেকোনো এক কক্ষের নিয়ন্ত্রণ হারালেও ট্রাম্পের বাকি মেয়াদে তার প্রশাসনের ওপর ডেমোক্র্যাটদের নজরদারি ও প্রভাব বাড়বে।
নির্বাচনের আগে রয়টার্স ও ইপসসের এক জরিপে দেখা গেছে, কংগ্রেস নির্বাচনে ৪৬ শতাংশ নিবন্ধিত ভোটার ডেমোক্র্যাটদের সমর্থন জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের সমর্থক রাজনৈতিক দল রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৮ শতাংশ। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ার দৌড়ে ডেমোক্র্যাটরা এগিয়ে থাকলেও সিনেটে নিয়ন্ত্রণ নেওয়ার লড়াই তুলনামূলক কঠিন।
নির্বাচনের আগে রিপাবলিকানদের পক্ষে প্রচারে নেমেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২ নভেম্বর) তিনি সমর্থকদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভোটাররা তাকে প্রার্থী হিসেবে কল্পনা করে ভোট দিলে রিপাবলিকানরা জয়ী হবে। গত ৩২ দিনে ২০টি অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন তিনি।
এদিকে ক্যালিফোর্নিয়ায় ভোট গণনা বন্ধের চেষ্টা করে ট্রাম্প প্রশাসন। অ-মার্কিন নাগরিক হতে পারেন—এমন অভিযোগে ২০ হাজারের বেশি নিবন্ধিত ভোটারের ডাকযোগে পাঠানো ব্যালট গণনা সাময়িকভাবে বন্ধের আবেদন জানায় দেশটির বিচার বিভাগ। তবে সোমবার (২ নভেম্বর) সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেন। একই দিন এক ফেডারেল বিচারক ক্যালিফোর্নিয়াকে সন্দেহভাজন অ-মার্কিন নাগরিকদের তালিকায় থাকা ভোটারদের ব্যালট আলাদা রাখার দাবি জানানো থেকেও প্রশাসনকে বিরত থাকার নির্দেশ দেন।
মিশিগানেও সিনেট নির্বাচন ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ রিপাবলিকান মাইক রজার্সের বিরুদ্ধে লড়ছেন। জয়ী হলে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হতে পারেন। ডেমোক্র্যাট প্রাথমিক নির্বাচনে এল-সাইয়েদের কাছে হেরে যাওয়া প্রতিনিধি হ্যালি স্টিভেনস দলীয় অবস্থানের বাইরে গিয়ে রজার্সকে সমর্থন দিয়েছেন। এ নিয়ে দুই শিবিরের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
আলাস্কাতেও নির্বাচনী বিরোধে হস্তক্ষেপের চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসন। রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান অল্প ব্যবধানে হেরে গেলে নির্বাচনের ফল অনুমোদন বন্ধ রাখার দাবিতে করা বিচার বিভাগের মামলা রোববার (১ নভেম্বর) খারিজ করে দেন এক ফেডারেল বিচারক। একই নামের দুই প্রার্থী থাকায় ভোটাররা বিভ্রান্ত হতে পারেন—এমন যুক্তি দেখিয়েছিল প্রশাসন।
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন গবেষণাগারের তথ্য অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) বিকেল পর্যন্ত আগাম ভোট পড়েছে ৫ কোটি ৭০ লাখ। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে মোট আগাম ভোট ছিল ৪ কোটি ৫০ লাখ। ফলে এবার আগাম ভোটের সংখ্যা নতুন রেকর্ড গড়েছে।
সূত্র: রয়টার্স, আল জাজিরা

